ভোলায় নাগরিক সংবর্ধনায় ব্যারিস্টার পার্থ

যদি মনে করেন আমার চেয়ে যোগ্য প্রার্থী আছে তবে তাকে ভোট দেব

নাগরিক সংবর্ধনা থেকে সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়ার আহ্বানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপির জোটের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

সংবর্ধনায় উপস্থিত অসংখ্য মানুষের উদ্দেশ্য করে ব্যারিস্টার পার্থ বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে ভোলাকে গড়ি। কোনও দলে বা মার্কার না হয়ে পার্থ হবে সবার। আমরা কারও সঙ্গে অন্যায় করতে চাই না, আমরা কোনও প্রতিশোধ নিতে চাই না। মানবিক ও শান্তির ভোলা গড়তে চাই। যেখানে চাঁদাবাজি হবে না, লুটপাট হবে না। যেখানে টেন্ডারবাজি হবে না। যেখানে শালিশ করে পয়সা খাওয়া হবে না।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্য করে ব্যারিস্টার পার্থ আরও বলেন, আমি আমার জামায়াতের, ইসলামী আন্দোলনের ভাই, রাজনৈতিক দলের সবাইকে বলি, আপনা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য প্রার্থী আছে ভোলাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো-তাহলে আমাকে বলেন আমি ভোট তাকে দিব। আর আপনারা যদি মনে করেন এই ভোলাকে বাংলাদেশর বুকে ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পার্থ যোগ্য। আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন ভোলা-বরিশাল সেতুকে আনতে পারবে? মেডিকেল কলেজের জন্য সংসদে দাড়িয়ে সরকারকে বলতে পারবে ভোলায় সেতু, মেডিকেল কলেজ করা দরকার।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভোলা নতুন বাজার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি বরিশাল থেকে নৌপথে ভোলার খেয়াঘাট এসে পৌঁছান। সেখান থেকে পূর্বপ্রস্তুতি অনুযায়ী হাজার হাজার মানুষ ফুলেল শুভেচ্ছা ও শ্লোগানে বরণ করেন। নির্বাচনের মনোনয়ন দাখিলের পর বিএনপি জোটের প্রার্থী হিসাবে এটি পার্থর প্রথম ভোলায় আসা।

ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীরা শুভেচ্ছা ব্যানার, প্লাকার্ড হাতে দীর্ঘ সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে পার্থর গরুর গাড়ির প্রতীকের পক্ষে শ্লোগান দিতেও শোনা গেছে।