বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, আজকে শুনি তারা নাকি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদেরকে চকলেট ও বিস্কুট দেয়। এই চকলেট আর বিস্কুট খেয়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। কারণ বাংলাদেশকে চালানোর জন্য আপনাদের ওই অভিজ্ঞতা ও নেতৃত্ব নাই।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, ইসলাম আমাদের পবিত্র ধর্ম। জামায়াত এ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। আজকে তারা বলে শরীয়া আইন করবে না। ভোট পাওয়ার জন্য এমন কিছু নাই যা তারা করতে পারে না। তারা ৩০০ আসনের একজন নারীকেও সংসদ সদস্য পদে নমিনেশন দেয় নাই। ভারতকে তারা শুধু গালাগালি করে, আবার সেই ভারতের সাথে গোপনে মিটিং করে মিডিয়ার সামনে বলে আমাদেরকে ভারত বলতে মানা করেছে।
তিনি আরও বলেন, আজকে জামায়াতের বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করে বলা উচিত আপনারা কি পাকিস্তানের জামায়াত, না সৌদি আরবের জামায়াত, না দুবাইয়ের জামায়াত, না ডিসকু জামায়াত। তারা কখনো পরিষ্কার করে বলে না তারা ক্ষমতায় গেলে এই দেশে ১৬ ডিসেম্বর হবে নাকি, ২১ ফেব্রুয়ারী হবে নাকি, দূর্গাপূজা হবে নাকি, পহেলা বৈশাখ হতে পারবে নাকি। এগুলো তারা কখনো ভেঙে বলে না।
এ উপস্থিত ভোটারদের উদ্দেশ্য করে পার্থ বলেন, ইনশাআল্লাহ আমাদেরকে ভোট দিলে নিরাপদে ঘুমাতে পারবেন। মানুষ সবচেয়ে আগে চায় নিরাপত্তা। আমি আপানাদেরকে ওয়াদা করতেছি আমরা নির্বাচিত হতে পারলে রাজনৈতিক কর্মী তো দূরে কথা— প্রশাসন থেকেও আপনাদের ওপরে কোনো ধরণের অত্যাচার করা হবে না।
পার্থ বলেন, আপনারা সবাইকে বলবেন ভোটে অংশগ্রহন করার জন্য। একটা পক্ষ চায় বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য। তারা ভারতে বসে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আসুন আমার সাবাই মিলে ভোলাকে গড়ে তুলি। আমার যেই যেই দল করি সমস্য নাই ‘আমি না দলের না মার্কার, পার্থ ভাই সবার’।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, আমিনুল ইসলাম খান, হারুন অর রশিদ ট্রুম্যান, তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ।
