২৭ ম্যাচ অপরাজিত বায়ার্ন পেলো হারের শাস্তি

বুন্দেসলিগায় চলতি মৌসুমে প্রথমবারের মতো হারের তেতো স্বাদ পেলো বায়ার্ন মিউনিখ। শনিবার অবনমনের শংকায় থাকা অগসবুর্গের কাছে ২-১ গোলের অপ্রত্যাশিত হারের পর দলটির স্ট্রাইকার হ্যারি কেইন স্বীকার করেছেন, শক্তির ঘাটতি ও নিষ্প্রভ পারফরম্যান্সের কারণেই ‘শাস্তি’ পেতে হয়েছে তাদের।

মার্চের পর এটি বায়ার্নের প্রথম লিগ হার। শীর্ষে থাকা দলটি এর আগে মৌসুমে সম্ভাব্য ৫৪ পয়েন্টের মধ্যে মাত্র চার পয়েন্ট হারিয়েছিল। 

ম্যাচে প্রথমে এগিয়ে যায় বায়ার্ন। হিরোকি ইতো’র হেডে স্বাগতিকরা লিড নেয়। তবে বিরতির পর দ্রুত দৃশ্যপট পাল্টে যায়। অগসবুর্গের আর্থার চাভেস ও হান-নোয়া মাসেঙ্গো অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের করে নেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বায়ার্নের মৌসুমের দ্বিতীয় হার এবং বুন্দেসলিগায় ২৭ ম্যাচের অপরাজেয় ধারার ইতি। তবুও লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে তারা এখনও বেশ এগিয়ে রয়েছে।

ম্যাচ শেষে কেইন বলেন, “আমরা কোনো অজুহাত দাঁড় করাব না। দ্বিতীয়ার্ধে ওরাই জয়ের যোগ্য ছিল। আমাদের এনার্জির ঘাটতি ছিল, বল নিয়ে আমরা স্বাভাবিক ছন্দে খেলতে পারিনি। ওরা বেশি চাপ সৃষ্টি করেছে এবং আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছে।”

তিনি আরও যোগ করেন, এই হার মৌসুমকে সংজ্ঞায়িত করবে না। “মন খারাপ করে বসে থাকার সময় নেই। লিগ জয়ই আমাদের লক্ষ্য।”

পুরো মৌসুম অপরাজিত থাকার প্রসঙ্গেও মন্তব্য করেন ইংল্যান্ড অধিনায়ক। তার ভাষায়, “এটা কখনোই আমাদের আলোচনায় ছিল না, বিশেষ করে কোচের কাছ থেকে নয়। কিন্তু আজ প্রমাণ হয়েছে, আপনি যদি শতভাগ প্রস্তুত না থাকেন, তাহলে ঘরের মাঠে হোক বা বাইরে—যে কারও বিপক্ষে শাস্তি পেতে পারেন। আমাদের জন্য এটা শিক্ষণীয়।”

ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন। বুধবার পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে শেষ লিগ পর্বের ম্যাচে হার এড়াতে পারলেই তারা শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করবে।