যশোরে কারাবন্দি ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা বিগত সরকারের সময়ে দেখেছি, আমাদের অনেক ভাইয়ের বাবা-মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে এক মানবিক বাংলাদেশ।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার চতুর্থ দিনে আজ সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগের সময় তিনি এসব মন্তব্য করেন। আমিনুল হক আরও বলেন, ‘যশোরের ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। আমরা চাই না, এ ধরনের ঘটনা পুনরায় ঘটুক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে—সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ।’
এদিন ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষদের এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন। আমিনুল হক বলেন, ‘আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।’
এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন তিনি। নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া, অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
এলাকায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পল্লবী-রূপনগর গড়ে তোলার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন।