অসাধারণ সাবিনায় আবার সাফ জিতল বাংলাদেশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

প্রথম পাঁচ মিনিট যেন খোলস বন্দী হয়ে ছিল বাংলাদেশ। আক্রমণাত্মক খেললেও মনে হচ্ছিল নতুন ভেন্যুর সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিতে পারছিলেন না খেলোয়াড়রা। সে সুযোগে মাসুরা পারভীনের শিশুতোষ ভুলে গোল হজম করে বাংলাদেশ। পঞ্চম মিনিটে বল নিয়ে কারিকুরি করতে গিয়ে বিপদ ডেকে আনেন অভিজ্ঞ মাসুরা। সুযোগটা কাজে লাগান মালদ্বীপের সানিয়া ইব্রাহিম। সেই গোলের পরেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। খোলস ছেড়ে বের হয়ে এসে মালদ্বীপকে পাড়ার দলে পরিণত করে ম্যাচটা বাংলাদেশ জিতে নেয় ১৪-২ গোলে। এই জয়ে রচিত হয় ইতিহাস। আরেকটি সাফের আসরের শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুনের দল। ২০২২ ও ২০২৪ সালে দেশকে টানা দু'বার সাফ চ্যাম্পিয়ন করানোর পর এবার ফুটসালে শিরোপা এনে দেন অধিনায়ক সাবিনা।

বড় জয়ের পথে সাবিনা করেন চার গোল। এ আসরে সেরা গোলদাতা হওয়ার পথেও নিজেকে এগিয়ে নেন অনেকটাই। ছয় ম্যাচে তার গোল ১৪টি। কেবল গোল নয়। নিচ থেকে খেলা শুরু করে সাবিনা আসলে পুরো মাঠটাই নিয়ন্ত্রণ করেছেন প্রতি ম্যাচে। বারবার ওভার ল্যাপ করে উপরে উঠে আক্রমণ যেমন করেছেন, বলের জোগান দিয়েছেন, নিজেই গোলের চেষ্টা করেছেন। আবার নিচে নেমে এসে মূল ডিফেন্ডারের কাজটাও তিনিই পালন করেছেন।

সাবিনা খাতুন

রবিবার ম্যাচটা আগেরগুলোর মতো হয়নি ব্যাংককের ননথাবুড়ি হলে। এ ম্যাচ হয় হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে। ম্যাচের পঞ্চম মিনিটে মালদ্বীপের গোলের পর সম্বিত ফিরে পাওয়া বাংলাদেশ প্রথমার্ধে ৬-১ গোলের লিড নেয়। যার প্রথম দুটি অধিনায়ক সাবিনার। ষষ্ঠ মিনিটে বেশ দূর থেকে তার ডান পায়ের গড়ানো ফ্রি-কিক জালে জড়ালে সমতায় ফেরে বাংলাদেশ। পরের মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য নষ্ট করেন সাবিনা। আমিনাত ফজলা সার্কেলের ভেতরে কৃষ্ণারানীকে ফেলে দিয়ে পেনাল্টি পায় বাংলাদেশ। তবে সাবিনার শট বাইরে যায়। গোল করতে না পারার প্রায়শ্চিত্ত করতে অবশ্য খুব বেশি সময় নেননি সাবিনা।১৩ মিনিটে আরেকটি ফ্রি-কিক থেকে সহজেই মালদ্বীপ কিপারকে বোকা বানান। পরের মিনিটে নিলুফা ইয়াসমিনের পাস পেয়ে সার্কেলের ডান দিক থেকে ডান পায়ের শটে ব্যবধান বাড়ান কৃষ্ণারানী। এর কয়েক সেকেন্ড পর ৩-১ করেন লিপি আক্তার। নিলুফা ফের বল সাজিয়ে দেন, তাতে লিপির ডান পায়ের প্লেসিং জালে জড়ায়। ১৭ মিনিটে লিপি দ্বিতীয় গোলের দেখা পান। মাসুরার কাটব্যাক থেকে গোলের আনুষ্ঠানিকতা সাড়েন লিপি। এই গোলের রেশ কাটতে না কাটতেই রৌশন জাহান গোল করে ৬-১ করেন। তাতে বড় লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিরতিত থেকে ফিরে গোলৎসব চলতে থাকে বাংলাদেশের। ২৩ মিনিটে সুমাইয়ার পাস থেকে সার্কেলের অনেক বাইরে থেকে শট করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। পরের মিনিটে মালদ্বীপের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে কিপারকে কাটিয়ে দারুণ গোল করেন মাতসুশিমা সুমাইয়া। ২৫তম মিনিটে সাবিনা চতুর্থ গোল করেন ডান পায়ের জোড়ালো শটে। ৩১ মিনিটে সমন্বিত আক্রমণ থেকে কৃষ্ণার কাছ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে গোল করেন নিলুফা। কয়েক সেকেন্ড পরে লিপি হ্যাটট্রিক পূরণ করেন। সাবিনার বাড়ানো বল ব্যাক হিল করে গোলমুখে দেন কৃষ্ণা। সেখান থেকে সহজেই গোল করেন লিপি, বাংলাদেশ নেয় ১১-১ গোলের লিড। কিছুক্ষণ পর নিলুফার পাসে গোল পান কৃষ্ণা। ৩২ মিনিটে মাঠ নেমেই অসাধারণ গোল করেন মাহমুদা আক্তার। সে গোলের পর তার উদযাপনটা ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে প্রথম খেলতে নেমেই গোল করেন মাহমুদা। ৩৫ মিনিটে বাংলাদেশের ১৪তম গোলটি করেন মাসুরা পারভীন। সুমাইয়ার পাস ধরে আক্রমণে উঠে গোলৎসবে যোগ দেন মাসুরা। শেষ অ্যালার্ম বাজার ১৫ সেকেন্ড আগে মালদ্বীপ অধিনায়ক মরিয়ম নুরা গোল করে হারের ব্যবধান কমান।

৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দিনের পরের ম্যাচগুলোতে জানা যাবে সাত দলের আসরে রানার্স-আপ হলো কোন দল। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত