রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার

কক্সবাজারের রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধারে হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার লট উখিয়ারঘোনা তচ্ছাখালী গ্রামের একটি পুকুরপাড় থেকে বোমাটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।  

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী গ্রামের একটি পুকুর পাড়ে পাওয়া বস্তুটিতে গত ১০ বছর ধরে কাপড় ধোঁয়ার কাজ চালানো হয়। তিনদিন আগে এটি নজরে আসার পর পুলিশ এটি নিরাপদ স্থানে রেখে নজরধারি দিচ্ছে। সেনা বাহিনীকে বিষয়টি জানানোর পরে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে ধারণা করা হচ্ছে। ফলে নিরাপদে নিষ্ক্রিয় করার পরিকল্পনা চলছে।

ওসি জানান, মূলত বস্তুটি পুকুরে ছিল। যা ১০ বছর আগে স্থানীয় কেউ পুকুর থেকে তুলে পাড়ে রেখেছিল। স্থানীয় এক সচেতন নাগরিক বোমার বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এরপর বোমাটি নিরাপদ স্থানে রেখে চারপাশে ঘিরে রাখার পাশাপাশি নজরদারিতে রয়েছে।

এটি লম্বা অনুমান ৪ ফুট, ব্যসার্ধ অনুমান ৪ ফুট, বডিতে কিছু লেখা আছে কিন্তু মরিচা থাকায় তা পড়া যায়নি বলে জানায় পুলিশ। 

এনিয়ে রামুর ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া ফেসবুকে বোমা সদৃশ্য বস্তুটির ছবি শেয়ার করে বস্তুটিকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে দাবি করে তিনি লেখেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! এই বোমাটার ওপর নাকি অনেকদিন যাবত মানুষ কাপড়কাচার কাজ করত! এটাতে এক্সপ্লোসিভ আছে কিনা পরীক্ষা করা দরকার। না থাকলে সংরক্ষণ করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে। এটাও তো রামুর ইতিহাসের অংশ।