চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার সরল ইউনিয়নের বাসিন্দা এমদাদুল্লাহ (৪১) ও জয়নাল আবেদীন (২৬)। তারা দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পলাতক ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার, তিন রাউন্ড তাজা গুলি, সাত রাউন্ড খালি কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, অপরাধীরা সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে সেখানে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।
এ বিষয়ে বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, 'সরল ইউনিয়নের নতুন বাজার এলাকা সম্প্রতি অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত হওয়ায় আমরা সেখানে বিশেষ নজরদারি জোরদার করেছি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।