বগুড়ার সান্তাহারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটের দিকে সান্তাহার পৌর শহরের মেইন রোডে অবস্থিত রহমান সুজ এর খুচরা ও পাইকারি একটি জুতার দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রহমান সুজ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় স্থানীয় লোকজন দোকানের ভিতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত দোকানে ছড়িয়ে পড়লে ভিতরে থাকা জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের অফিস সহায়ক শাহারিয়া বাদশা ইমন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তিনি আরও বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে।
অপরদিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্ব থাকা ম্যানেজার রবিউল ইসলাম বলেন, জুতাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে তার দোকানে ২২ থেকে ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করেন। তিনি আরও বলেন, রহমান সুজ এর দোকানে আমরা পাইকারি ও খুচরা জুতা বিক্রি করে থাকি। দোকানের পিছনে আমাদের জুতার গোডাউন ছিল সেই গোডাউনেও আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।