টুঙ্গিপাড়া

সেনাসদস্য পরিচয়ে ওয়াকিটকি নিয়ে ঘোরাফেরা, আটক কিশোর কারাগারে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ওয়াকিটকি সঙ্গে নিয়ে রাতে ঘোরাঘুরি করার সময় এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণপাড়া মুন্সীবাড়ি এলাকায়। আটক কিশোরের নাম রাহাত চৌধুরী (১৮)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, শনিবার রাতে রাহাত পকেটে একটি ওয়াকিটকি নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে দাবি করেন এবং গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত থাকার কথাও বলেন। তবে কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় এলাকাবাসী থানায় খবর দেয়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাসদস্য ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আটক রাহাত দাবি করেছেন যে তিনি বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করেন। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন থাকায় রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।