অল্পবয়সী মেয়েকে বিয়ে করতে এসে কারাদণ্ডে দণ্ডিত হলেন জয় চৌধুরী (২৩) নামে এক যুবক। সেই সাথে তিন হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে তাকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলি হীরা (১৫) নামের এক কিশোরীকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর (২৩) সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাসের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
