রাবি সাংবাদিকতা বিভাগে দুই প্রথিতযশা সাংবাদিকের নামে বৃত্তি চালু

প্রথিতযশা দুই সাংবাদিকের স্মরণে ‘সাংবাদিক আহমেদুর রহমান-হাবিবুর রহমান মিলন শিক্ষাবৃত্তি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। প্রতি সেমিস্টারের সর্বোচ্চ ফলাফলকারী এই বৃত্তির আওতায় ৭২০০ টাকা অনুদান পাবেন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিভাগের ১২৩ নম্বর কক্ষে এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথমবার এই বৃত্তি পেয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাধবী রাণী রায় এবং দ্বিতীয় বর্ষের সাদিয়া আক্তার।

বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে ঢাকার প্রয়াত দুই গুণী সাংবাদিক আহমেদুর রহমান ও হাবিবুর রহমান মিলনের পরিবার রাবির সাংবাদিকতা বিভাগে এই বৃত্তি চালুর জন্য ৫ লাখ টাকা দেন। এই তহবিলের মুনাফা থেকে প্রতিবছর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সর্বোচ্চ সিজিপিএধারী একজন করে মোট তিনজন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত এই বৃত্তির অর্থ শিক্ষার্থীরা প্রতি ছয় মাস অন্তর হাতে পাবেন।

বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুলের (সাজ্জাদ বকুল) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন হাবিবুর রহমান মিলনের কন্যা লেখিকা অদিতি রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফরিদউদ্দিন খান বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতির পাশাপাশি এই বৃত্তি তাদের পেশাগত দায়বদ্ধতা শিখতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, টাকার পরিমাণ বড় কথা নয়, এটি শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা। দীর্ঘ প্রতীক্ষার পর এই বৃত্তি চালু করতে পেরে আমরা আনন্দিত।

বিভাগীয় সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, প্রশাসনিক নানা ধাপ ও দীর্ঘসূত্রতা পেরিয়ে অবশেষে এই উদ্যোগ সফল হয়েছে। এটি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।