চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আগের রাতে (শনিবার) ১৮টি মাইক ও বৈদ্যুতিক তার চুরি হয়েছে। রবিবার দুপুরে এ নিয়ে থানায় সাউন্ড সিস্টেমের মালিক আব্দুর রাজ্জাক লিখিত অভিযোগ দিয়েছেন।
নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে চট্টগ্রাম নগর পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন আবদুর রাজ্জাক।
জানা গেছে, জনসভায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার লোকজনও ছিলেন নিরাপত্তায়। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন বস্তু বহন ও ব্যবহার নগর পুলিশ নিষিদ্ধ করে। কিন্তু এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটেছে। উড়ানো হয়েছে ড্রোন।
নগরের কোতোয়ালি থানায় দেওয়া লিখিত অভিযোগে ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক বলেন, শনিবার রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে ১৮টি মাইক এবং তার চুরি হয়ে যায়। যার মূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
আবদুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে বলেন, জনসভায় মোট ২০০ মাইক লাগানো হয়েছিল। এর মধ্যে ১৮টি চুরি হয়ে যায়। পরে জনসভা শুরুর আগে অতিরিক্ত মাইক লাগানো হয়। খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ছিল।
আজ দুপুরে মাইক চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে আসার পর জানতে পারেন, জনসভা শেষে মাইক্রোফোনটিও পাচ্ছেন না তারা। কে বা কারা নিয়ে যায়। এই প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ‘জনসভায় ব্যস্ত ছিলাম। বিষয়টি দেখা হচ্ছে।’