‘ফড়িং প্রজাপতি’র পর আরও একটি নতুন গান প্রকাশ পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী শফিক তুহিনের। কণ্ঠ না দিলেও গানের কথা লেখার পাশাপাশি এর সুর করেছেন তিনি।‘অবুঝ প্রেমের সাতকাহন’ শিরোনামে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী সাফিনা করিম। এর সংগীতায়োজন করেছেন সালমান জাইম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবেও অভিনয় করেছেন সাফিনা করিম। মিউজিক ভিডিওটি সাফিনা করিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘সাফিনা করিম গুনী একজন কণ্ঠশিল্পী। কানাডায় তার পরিচিত আছে। নতুন এই গানটি তার কণ্ঠে ভীষণ মানিয়েছে। আমি চেষ্টা করেছি তার জন্য ভালো একটি গান তৈরি করার। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে।’
অন্যদিকে সাফিনা করিম বলেন, ‘শফিক তুহিন ভাইকে ধন্যবাদ আমার জন্য সুন্দর একটি গান তৈরি করার জন্য। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার মনে হয় শ্রোতারা গানটি শুনে নিরাশ হবেন না।’