পাকিস্তান কি বিশ্বকাপে খেলবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে স্কোয়াড প্রকাশের পরও টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পর এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। সেই ঘটনার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে।

যদিও দল ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, স্পষ্ট করে জানান, দল নির্বাচন করা নির্বাচকদের দায়িত্ব হলেও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত তাদের হাতে নেই। তার ভাষায়, ‘আমরা নির্ধারিত সময়ের খুব কাছাকাছি এসে স্কোয়াড ঘোষণা করেছি। তবে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। চেয়ারম্যানও একই কথা বলেছেন। তাই আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

পাকিস্তান দল :  সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফায়, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।