আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সুপার সিক্স পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। বুলাওয়ের কুইনস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১-৩০ মিনিটে। বাংলাদেশ গ্রুপ পর্বে জিতেছে একটি মাত্র ম্যাচ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, সেই ১ পয়েন্ট নিয়েই তারা এসেছে সুপার সিক্সে। নিয়ম অনুযায়ী একই গ্রুপে সুপার সিক্সে উত্তীর্ণ অন্য দলের বিপক্ষে প্রাপ্ত পয়েন্ট যোগ হবে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে।
ইংল্যান্ড গ্রুপ পর্বে ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে। স্কটল্যান্ডের বিপক্ষে তারা গ্রুপ পর্বে ৫০ ওভারে করেছিল ৪০৪ রান, বেন মেয়েস একাই করেছিলেন ১৯১। পাকিস্তানকেও গ্রুপ পর্বে ইংল্যান্ড হারিয়েছে ৩৬ রানে। সুপার সিক্সে ইংল্যান্ডের পকেটে তাই জমা আছে ৪ পয়েন্ট। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে আজিজুল হাকিম তামিমদের আজ জিততেই হবে।