তারেক রহমানের রাজশাহী সফর পেছাল

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী বৃহস্পতিবার রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন।

মূলত সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিনে বিমানের টিকিট না পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশগ্রহণ করবেন।

এ নিয়ে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসরের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সমাবেশটি হবে বৃহৎ ও ঐতিহাসিক।

রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান নিজে আমাকে ফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন। কোনো সমস্যার কারণে নয়, শুধু ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ এক দিন পিছানো হয়েছে।