যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে মার্কিন নাগরিক ও নার্স এলেক্স প্রেটির আইসিই (ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট) সংশ্লিষ্ট ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে নড়েচড়ে বসছে রাজনৈতিক নেতা ও আইনপ্রণেতারা। ঘটনায় দুইবারের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দেশজুড়ে ন্যায়ের জন্য দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ওবামা ও তার স্ত্রী মিশেল আইসিই পরিচালিত এই নৃশংস হত্যাকাণ্ডকে 'একটি হৃদয়বিদারক ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি প্রত্যেক আমেরিকানের জন্য একটি সতর্কবার্তা যে দেশের মৌলিক মূল্যবোধের উপর আক্রমণ চলছে। তাঁরা প্রশাসনকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করার জন্য আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে বিল ক্লিনটন কঠোর সমালোচনা করে বলেছেন যে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হামলা ও গুলিতে দু’জনের মৃত্যুর ঘটনা অগ্রহণযোগ্য এবং আমেরিকান নাগরিকদের সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন।
জানুয়ারির শুরুতে মিনিয়াপোলিসে আইসিই এর গুলিতে রেনে গুড নামক এক মার্কিন নারী নিহতের ঘটনায় পুরো যুক্তরাষ্ট্রজুড়ে পতিবাদ তীব্র হয়। বিশেষ করে মিনিয়াপোলিস অঞ্চলে শান্তিপূর্ণ প্রতিবাদের মাঝে আবারও অস্ত্র ব্যবহারের ঘটনায় উত্তেজনা তীব্র হচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও কঠোর অভিযানের বিরুদ্ধে সম্প্রতি চাপ বাড়ছে এবং কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোমল্যান্ড সিকিউরিটি বাজেট ব্লক করার হুমকি দিচ্ছেন।