বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এটি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন। অ্যাসোসিয়েশনের ইতিহাসে নারী হিসেবে প্রথমবারের মতো সভাপতি হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, মহাসচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা ও কোষাধ্যক্ষ হয়েছেন বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের মিলনায়তনে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা হয়। সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনার পাশাপাশি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নিয়ে বিশদ আলোচনা হয়। অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম ওই সভায় সভাপতিত্ব করেন।
সভায় নতুন কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরে একত্রে বসে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।
এছাড়া নতুন এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার ও ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উপ-কোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান মিঞা। যুগ্ম মহাসচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন ও অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানম।
৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির বাকি সদস্যদের নাম অতি দ্রুত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।