সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে চলে গেছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। এখন সেই নৌকা নেই। নৌকার যিনি কাণ্ডারি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে চলে গেছেন। তিনি এখন দিল্লিতে বসে আছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা হতো।
আজ সোমবার ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুলমাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এখন নৌকাটা নাই। একটা নতুন মার্কা আমাদের সামনে আসছে। এটিই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি, এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই।
এ সময় তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এদেশে কোনও সংখ্যালঘু নেই, যারা আছে তারা সবাই বাংলাদেশি নাগরিক। সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দেবে, পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।
নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।