কেন্দ্রীয় মেক্সিকোর গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। রবিবার বিকেলে লোমা দে ফ্লোরেস এলাকার ওই মাঠে একটি ম্যাচ চলাকালীন বা ম্যাচ শেষে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সালামাঙ্কার মেয়র সিজার প্রিয়েতো গালার্দো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, ম্যাচ শেষের সময় সশস্ত্র ব্যক্তিরা মাঠে প্রবেশ করে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
মেক্সিকো আসন্ন ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক। এখানকার তিনটি শহর- মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনটেরেইতে হবে বিশ্বকাপের ১৩টি ম্যাচ। তবে সালামাঙ্কা শহরে কোনো ম্যাচ নেই।
সালামাঙ্কা পৌর কর্তৃপক্ষ জানায়, আহত ১২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। একই সঙ্গে ন্যাশনাল গার্ড, ন্যাশনাল ডিফেন্স সেক্রেটারিয়েট (সেদেনা) এবং স্টেট পাবলিক সিকিউরিটি ফোর্সেসের (এফএসপিই) সঙ্গে সমন্বয়ে হামলাকারীদের ধরতে যৌথ অভিযান চালানো হয়।
গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর (এফজিই) জানিয়েছে, তারা আলামত সংগ্রহ ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এলাকায় নিরাপত্তা জোরদারে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
মেয়র প্রিয়েতো বলেন, এই হামলা শহরে চলমান ‘অপরাধপ্রবণতার ঢেউ’-এরই অংশ। সহিংসতা নিয়ন্ত্রণে সহায়তার জন্য তিনি দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে কিছু অপরাধী গোষ্ঠী কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না।”
উল্লেখ্য, গত বছর মেক্সিকোতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যে। সেখানে স্থানীয় অপরাধী চক্র সান্তা রোসা দে লিমা ও শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে।
এদিকে মেক্সিকো সরকার দাবি করেছে, ২০২৫ সালে দেশটির হত্যার হার কমে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৭ দশমিক ৫ জনে নেমেছে, যা ২০১৬ সালের পর সর্বনিম্ন। তবে বিশ্লেষকদের মতে, এই পরিসংখ্যান দেশটির সহিংসতার সম্পূর্ণ চিত্র তুলে ধরতে ব্যর্থ হতে পারে।