শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালীর দুমকিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শত্রুকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, পঁচা শামুকেও পা কাটে। তিনি দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে-এমন তথ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে। তাই এলাকায় নতুন বা সন্দেহজনক কাউকে দেখলে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি। বক্তব্যের শেষে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমান। সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, বিএনপি নেতা এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজীদ খান পান্নাসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।