‘এটা বিশ্বকাপ খেলার সঠিক পথ নয়, বাংলাদেশের জন্য খারাপ লাগছে’

বাংলাদেশ সরে দাঁড়ানোয় শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমন্ত্রণ পাওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছে স্কটল্যান্ড। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, এভাবে তারা বিশ্বকাপ খেলতে চাননি। অল্প সময়ের মধ্যেই দলকে টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে বোর্ডকে ‘দিনরাত কাজ করতে হচ্ছে’। পাশাপাশি তিনি বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

গত জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে ইতালি ও জার্সির কাছে হেরে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছিল স্কটল্যান্ড। তবে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনীহার কারণে সর্বোচ্চ র‌্যাংকিংধারী অনির্বাচিত দল হিসেবে তারা এখন বিশ্বকাপে খেলবে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে এই অবস্থান নেয় বাংলাদেশ। বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন করলেও আইসিসি তা নাকচ করে দেয়।

স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড সোমবার বলেছেন, ‘বাংলাদেশ দলের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে। এটি কোনোভাবেই বিশ্বকাপে খেলার আদর্শ পথ নয়। একটি যোগ্যতা অর্জনের প্রক্রিয়া থাকে, আর কেউই এমনভাবে বিশ্বকাপে যেতে বা আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝতে পারছি যে, একটি ব্যতিক্রমী পরিস্থিতির ফলে আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছিল। বাংলাদেশের খেলোয়াড়দের অনুভূতির প্রতি আমরা সম্মান জানাই।’

‘পেছনের দরজা দিয়ে’ বিশ্বকাপে সুযোগ পাওয়ার সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওই শব্দ ব্যবহার করব না। মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। আমরা শুধু জানি, আমাদের বিশ্বকাপ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বিশ্ব র‌্যাংকিংয়ের ১৪ নম্বর দল এবং সারা বছরই ধারাবাহিকভাবে ক্রিকেট খেলি। বাছাইপর্বে আমরা আমাদের স্বাভাবিক মানের খেলাটা খেলতে পারিনি। তাই এই বিশ্বকাপে সুযোগ পেয়ে আমরা খুশি, যদিও পরিস্থিতিটি চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী।’

এর আগে গত শনিবার আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার আগেই কয়েক দিন ধরে প্রস্তুতির আভাস পেয়েছিল স্কটল্যান্ড। লিন্ডব্লেড জানান, ‘গত কয়েক দিন আমাদের জন্য ভীষণ ব্যস্ত কেটেছে। অফিসে সবাই কাজে নেমে পড়েছে। আমাদের মোট স্টাফ মাত্র ৩০ জনের একটু বেশি—কোচিং স্টাফ, অফিস ও ডেভেলপমেন্ট টিম মিলিয়ে। এর মধ্যেই আমাদের অনূর্ধ্ব-১৯ দল সফরে আছে এবং নেপালে মেয়েদের দলও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে খেলছে। সব সামলে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়া বিশাল চ্যালেঞ্জ। প্রায় ২৪ ঘণ্টাই কাজ চলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত-দিন বার্তা যাচ্ছে।’