বাংলাদেশ সরে দাঁড়ানোয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তবে বিশ্বকাপ দল ঘোষণার পরই তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ভিসা প্রক্রিয়া। বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফের ভিসা সময়মতো পাওয়া যাবে কিনা- সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া আশ্বাসের ওপরই ভরসা রাখছে ক্রিকেট স্কটল্যান্ড।
ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, বিশ্বকাপের আগেই সব খেলোয়াড়ের ভারতীয় ভিসা নিশ্চিত করতে আইসিসি ‘খুবই আন্তরিকভাবে ও কঠোর পরিশ্রম’ করছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি নাগরিক কিংবা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতীয় ভিসা পেতে বিলম্বের ঘটনা প্রায় নিয়মিত। সাফিয়ান শরিফও সেই তালিকায় পড়েছেন।
ইংল্যান্ডের হাডার্সফিল্ডে জন্ম নেওয়া এই পেসারের বাবা পাকিস্তানি এবং মা ব্রিটিশ-পাকিস্তানি। ৭ বছর বয়সে তিনি স্কটল্যান্ডে চলে যান। তবে ক্রিকেট স্কটল্যান্ড আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যেই শরিফ ভিসা পাবেন। সংস্থাটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘ভিসা বিষয়টি সব সময়ই কিছুটা অনিশ্চিত থাকে। সময় ৩ দিন হোক বা ৪৫ দিন। গত ৪৮ ঘণ্টা ধরে আমাদের প্রধান লক্ষ্য ছিল ভিসার কাজ শেষ করা। আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে সমন্বয় করেছি। তারা তাদের নিয়ন্ত্রণাধীন সব বিষয়ে আমাদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে।’
বাংলাদেশের শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ফলে যোগ্যতা অর্জন করে স্কটল্যান্ড। সর্বোচ্চ র্যাংকিংধারী দল হিসেবে তারা সুযোগ পেয়ে সোমবার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে। চলতি সপ্তাহেই দলের ভারতে যাওয়ার কথা। ভিসা জটিলতা এড়াতে স্কটল্যান্ড দুইজন রিজার্ভ খেলোয়াড় এবং তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভ খেলোয়াড়ের জন্যও ভিসার আবেদন করবে। এই মুহূর্তে আইসিসির মনোযোগের কেন্দ্রে স্কটল্যান্ডের খেলোয়াড়েরা।
দলের স্কোয়াডে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এসেছে তিনটি পরিবর্তন। ১৯ বছর বয়সী আফগানিস্তান–জন্ম নেওয়া পেসার জাইনুল্লাহ ইহসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবং আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন। সাবেক নিউজিল্যান্ড ব্যাটার টম ব্রুসও স্কটল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ সংযোজন। গত আগস্টে স্কটল্যান্ডের হয়ে তার ওয়ানডে অভিষেক হয়েছিল। তবে ১৪৫ কিলোমিটার গতিতে বল করা পেসার ক্রিস সোল এবার দলে নেই।
স্কটল্যান্ড ২ ও ৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে সুপার এইটে। ক্রিকেট স্কটল্যান্ড এক বিবৃতিতে জানায়, ‘সব খেলোয়াড় ও স্টাফদের ভিসা অনুমোদনের ওপর স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। সীমিত সময়ের কারণে অতিরিক্ত রিজার্ভ অন্তর্ভুক্ত করা হয়েছে।’
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাড কারি, অলি ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল
রিজার্ভ সদস্য: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস
নন-ট্রাভেলিং রিজার্ভ: ম্যাকেনজি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার
কিশোরী প্রতিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কা
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো ৩ কোটি ৮৮ লাখে
অ্যাস্টন ভিলায় মার্তিনেজ অধ্যায় শেষের পথে?