বিশ্বকাপ বর্জনের আহ্বান সাবেক ফিফা সভাপতির

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো বর্জনের আহ্বানে সমর্থন জানিয়ে তিনি সমর্থকদের সেখানে ভ্রমণ না করার অনুরোধ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি, নাগরিক অধিকার, কড়াকড়ি অভিবাসন নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগের কথাও উল্লেখ করেন ব্লাটার।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ২০২৬ বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আয়োজক যুক্তরাষ্ট্রকে ঘিরে নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে সমালোচনা জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে সুইস দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিয়েথের বয়কট আহ্বানকে প্রকাশ্যে সমর্থন জানান সেপ ব্লাটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লাটার লিখেছেন, ‘এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা একেবারেই যৌক্তিক। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতি সমর্থকদের সেখানে যেতে মোটেও উৎসাহিত করে না।’

ফিফার সাবেক স্বাধীন গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান পিয়েথ আরও কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি সুইস সংবাদপত্র ‘ডার বুন্ড’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সবকিছু বিবেচনার পর সমর্থকদের জন্য একটাই পরামর্শ- যুক্তরাষ্ট্রে যাবেন না। সীমান্তে কঠোর আচরণের শিকার হতে পারেন। প্রয়োজনীয় শর্ত পূরণ না হলে যদি ভাগ্য ভালো থাকে সরাসরি পরবর্তী ফ্লাইটে ফেরত পাঠানো হতে পারে।’

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর সাম্প্রতিক অভিযানে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। মিনিয়াপোলিসে অভিযানের সময় ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনে নিকোল গুডের মৃত্যুকে হত্যা হিসেবে ঘোষণা করেছে স্থানীয় মেডিকেল এক্সামিনার। একই সময়ে আরেকটি গুলিবর্ষণের ঘটনায় আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টির মৃত্যু দেশজুড়ে বিক্ষোভ ও ক্ষোভ বাড়িয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকেরা ভিসা জটিলতায় পড়েছেন। এর আগে ঘোষিত নীতির ফলে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইরান ও হাইতির সমর্থকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওকে গটলিশ বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।’