সিলেটে বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ‘চোরাকারবারী’র মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মো. আতিক আহমেদ মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. আতিক আহমেদ (২০) জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আহত আতিক আহমেদ সোমবার সন্ধ্যায় ওসমানী হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ২২ জানুয়ারি রাতে জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর টিপরাখোলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষ হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। এসময় আতিক আহমেদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় আতিক আহমেদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।