লক্ষ্মীপুরে গাঁজা-পিকআপভ্যানসহ আটক ৩ 

লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাজা ও একটি ছোট পিকআপভ্যানসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা। অপর আটক পিকআপ চালক মাছুম গাজীপুর জেলার বাসিন্দা। 

র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে পিকআপ ভর্তি গাঁজা নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপ জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়। 

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।