টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়ে এবার মুখ খুললেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই ঘটনার পেছনে তিনি পাকিস্তানের উস্কানি দেখছেন। পাকিস্তানের অবস্থানকে তীব্র ভাষায় সমালোচনা করে তিনি বলেন, এটি ছিল ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা, যাতে ক্ষতিটা হয়েছে বাংলাদেশের।
বার্তা সংস্থা পিটিআইকে সোমবার হরভজন বলেছেন, ‘পাকিস্তান ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে ২ বনাম ১-এর খেলা খেলতে চাইছিল (পাকিস্তান ও বাংলাদেশ বনাম ভারত)। তারা তো শ্রীলঙ্কায় খেলতে পারছে, তাই এটি তাদের বিষয় ছিল না। যেখানে প্রয়োজন নেই সেখানে হস্তক্ষেপ কেন? শেষ পর্যন্ত ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল ও তাদের খেলোয়াড়দেরই। বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করা খেলোয়াড়দের জন্য বিশাল ক্ষতি।’
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ সরকারের পরামর্শের ওপর নির্ভর করবে। অনেকেই এটিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে দেখেন। তবে এরপরই তারা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দেয়। তাছাড়া এখন পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের কোনো খবর আসেনি। আইসিসি গত শনিবার নিশ্চিত করেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।
এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) সমালোচনা করেন হরভজন। তার মতে, সমস্যার সমাধানের চেষ্টা না করে বিসিবি অহংকারের বশে সিদ্ধান্ত নিয়েছে, ‘আইসিসির সঙ্গে আলোচনার পথ খোলা রাখা উচিত ছিল। ভারতে আসতে সরাসরি “না” বলার আগে আলোচনার দরকার ছিল। বিশ্বকাপ যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হতো, তাহলে তাদের সম্ভাবনা কম থাকত। কিন্তু ভারতের কন্ডিশনে তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারত, এমনকি সুপার এইটে চমকও দিতে পারত। তাই এই সিদ্ধান্তে কারও নয়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশেরই।’