চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ইতালির নেপলস শহরে ভ্রমণরত চেলসি সমর্থকদের 'সর্বোচ্চ সতর্কতা' অবলম্বনের আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে শহরটিতে ঘটে যাওয়া এক ঘটনায় চেলসির দুই সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চেলসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় নেপলসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে ক্লাব অবগত। এতে দুই সমর্থক আহত হয়েছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। ক্লাব সকল সমর্থককে শহরে অবস্থানের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি আগে থেকেই দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
অতীতে নেপলস শহরে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অতিথি দলের সমর্থকদের ওপর হামলার নজির রয়েছে। বিশেষ করে নাপোলির উগ্র সমর্থকগোষ্ঠী ‘উলট্রাস’ অতীতে এমন ঘটনা ঘটানোয় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আহত সমর্থকদের ছুরিকাঘাতের শিকার হওয়ার দাবি উঠলেও সঠিক কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ম্যাচ দেখথে প্রায় আড়াই হাজার চেলসি সমর্থক টিকিট কেটেছেন। নিরাপত্তার স্বার্থে তাদের নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে পুলিশের পাহারায় শাটল বাসে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমর্থকদের শহরে একা ঘোরাফেরা না করা এবং চেলসির জার্সি বা ক্লাবের প্রতীকযুক্ত পোশাক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
খেলার দিক থেকে এই ম্যাচটি চেলসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাপোলির দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে জয় পেলে তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেবে। অন্যদিকে, গত মৌসুমের ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন নাপোলিও টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প দেখছে না।