বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। আজ বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রাজ্যসভার আজকের কার্যসূচি অনুযায়ী, অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের ঠিক আধঘণ্টা পর এই আনুষ্ঠানিক শোক প্রস্তাব আনা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য শ্রী এল. গানেসেন এবং শ্রী সুরেশ কালমাদির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
ভারতের রাজ্যসভার মহাসচিব পি. সি. মোদী স্বাক্ষরিত কার্যসূচিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর সঙ্গে রাজ্যসভার সাবেক সদস্য শ্রী এল. গণেশন ও শ্রী সুরেশ কালমাদির প্রতিও শ্রদ্ধা জানানো হবে। নিয়ম অনুযায়ী, শোক প্রস্তাব পাঠ শেষে তাঁর সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন ভারতের সংসদ সদস্যরা।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা গভীর শোক প্রকাশ করেছিলেন। ভারতের উচ্চকক্ষে এই শ্রদ্ধা নিবেদনকে বাংলাদেশের একজন শীর্ষ নেত্রীর প্রতি দিল্লির বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে।