আর্জেন্টিনার সম্ভাবনাময় ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর প্রশংসায় পঞ্চমুখ হলেন বিশ্বকাপজয়ী মহাতারকা আনহেল ডি মারিয়া। সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, রিয়াল মাদ্রিদ অধ্যায়, কোচ হোসে মরিনহো এবং বর্তমান প্রজন্মের কয়েকজন ফুটবলার নিয়ে খোলামেলা কথা বলেছেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকা। তাদের মাঝে আছেন মাস্তান্তুয়োনো।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-কে নিজের ইউরোপ যাত্রা শুরুর সময় নিয়ে ডি মারিয়া বলেন, ‘পর্তুগালে প্রথম দিকে আমি ধীরে ধীরে এগিয়েছি। তৃতীয় মৌসুমে গিয়ে সত্যিকার অর্থে নিজেকে প্রমাণ করতে পারি, তখন ইউরোপের বড় বড় ক্লাব থেকে প্রস্তাব আসতে শুরু করে। রিয়াল মাদ্রিদ যখন আগ্রহ দেখায়, তখন না বলার প্রশ্নই ছিল না। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব, সেখানে খেলার সুযোগ পাওয়া ছিল আমার জন্য গর্বের। ক্লাব ফুটবলে একজন খেলোয়াড় যে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে, আমি সেখানে পৌঁছাতে পেরেছিলাম।’
রিয়াল মাদ্রিদে নিজের ক্যারিয়ারে হোসে মরিনহোর অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডি মারিয়া, ‘মরিনহো আমার জন্য সবকিছু। মানুষ হিসেবে, কোচ হিসেবে—সব দিক থেকেই তিনি সবার ওপরে। খেলোয়াড়, দল ও ক্লাবকে তিনি যা দেন, তা অতুলনীয়। ২০১০ বিশ্বকাপ আমার জন্য ভালো না গেলেও তিনিই আমাকে রিয়ালে আনার জন্য পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা দ্বৈরথ নিয়েও স্মৃতিচারণ করেন আর্জেন্টাইন উইঙ্গার, ‘প্রতিটি এল ক্লাসিকো ছিল আলাদা রকমের অভিজ্ঞতা। বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি দেখা ম্যাচ হলো রিয়াল-বার্সা। এই ধরনের ম্যাচেই খেলতে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি। প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র, অনেক কিছু ঘটেছে, কিন্তু এমন ম্যাচে খেলতে পারা ছিল দারুণ এক অনুভূতি।’
সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের ফুটবলারদের প্রসঙ্গে বলতে গিয়ে ডি মারিয়া উচ্ছসিত প্রশংসা করেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর, ‘আমার সঙ্গে মাস্তানতুয়োনোর তুলনা করা হচ্ছে, কিন্তু সে অনেক বেশি প্রতিভাবান এবং অনেক ভালো ড্রিবল করে। মানের দিক দিয়ে সে শীর্ষ একজন খেলোয়াড়। যখন তার সবকিছু ঠিকঠাক হচ্ছিল না, তখন তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল এবং তাকে বাতিলের খাতায়ও ফেলে দেওয়া হয়েছিল, ঠিক যেমন জাবির সঙ্গে হয়েছিল। কিন্তু তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে।’