সারাক্ষণ ক্যামেরার নজরদারি থেকে মুক্তি চান নারী টেনিস তারকারা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

টেনিস ম্যাচে অতিরিক্ত ক্যামেরার ব্যবহার নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন কোকো গফ। এবার তার সঙ্গে সুর মেলালেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা ইগা সোয়ানটেক। অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য আরও ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পোলিশ তারকা।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে হারের পর কোর্টের বাইরে হতাশায় কোকো গফের র‌্যাকেট ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তিনি প্রশ্ন তোলেন, লকার রুম থেকে কোর্ট পর্যন্ত প্রায় সব জায়গায় খেলোয়াড়দের অনুসরণ করা ক্যামেরাগুলোর সীমাহীন প্রবেশাধিকার আদৌ কতটা যুক্তিসংগত?

বুধবার এলেনা রাইবাকিনার কাছে ৭-৫, ৬-১ ব্যবধানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে সোয়ানটেককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রশ্নটা হলো—আমরা কি টেনিস খেলোয়াড়, নাকি চিড়িয়াখানার প্রাণী, যাদের সবসময় পর্যবেক্ষণ করা হয়? অবশ্যই এটা কিছুটা বাড়িয়ে বলা, কিন্তু একটু ব্যক্তিগত জায়গা থাকলে ভালো হতো।’

সোয়ানটেক আরও বলেন, ‘নিজের মতো করে প্রস্তুতি নেওয়া, মানসিক প্রক্রিয়াগুলো সামলানো—এসব কাজ যদি সবসময় সবার চোখের সামনে করতে হয়, সেটা খুব স্বস্তিকর নয়।’

বিশ্ব নারী টেনিসের শীর্ষ তিনে থাকা সোয়ানটেক ও গফের প্রতি স্বাভাবিকভাবেই বেশি নজর থাকে। সম্প্রতি ভুলবশতঃ পরিচয়পত্র সাথে না রেখে সুইয়াটেক নিরাপত্তাকর্মীদের হাতে আটক হয়েছিলেন। সেই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হচ্ছে। চারটি ফ্রেঞ্চ ওপেনসহ একাধিক গ্র্যান্ড স্লাম জেতা তারকার জন্যও এসব পরিস্থিতি অস্বস্তিকর বলে মনে করেন তিনি।

ক্যামেরার এই নজরদারি শুধু অস্ট্রেলিয়ান ওপেনেই নয়, বিশ্বের অন্যান্য টুর্নামেন্টেও একই চিত্র দেখা যায়। সোয়ানটেক জানান, ম্যাচ শুরুর ঠিক আগে তিনি কিছু নির্দিষ্ট অনুশীলন করতে চান। কিন্তু সেখানে ক্যামেরা থাকায় তা কঠিন হয়ে পড়ে, ‘আমরা কোর্টে খেলার সময় দর্শকের নজরে থাকব—এটাই স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত ভুল বা ছোট ঘটনাকে মিম বানানো আমাদের কাজের অংশ হওয়া উচিত নয়।’

অন্যদিকে, বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ও দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী কোকো গফ জানান, কোর্টে দর্শকদের সামনে র‌্যাকেট ভাঙতে চাননি বলেই অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা খুঁজেছিলেন। কিন্তু বাস্তবে রড লেভার অ্যারেনার ভেতরে লকার রুম ছাড়া এমন কোনো জায়গা নেই, যেখানে ক্যামেরার চোখ এড়ানো যায়। গফ বলেন, ‘কিছু মুহূর্ত আছে, যেগুলো সম্প্রচার না করাই ভালো। এই টুর্নামেন্টে লকার রুমই আমাদের একমাত্র ব্যক্তিগত জায়গা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত