যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা মুনাফেক: ব্যারিস্টার পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জোটের ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক। কারণ বেহেশত-দোজখের মালিক আল্লাহ। কেউ যদি বিশ্বাস করেন একখানা ভোট দিলে জান্নাতে যাবে তাহলে সে শিরক করল।

মঙ্গলবার ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পার্থ বলেন, এ ধরনের কেউ আপনাদের কাছে আসলে আপনারা উল্টো তাদের বলে দেবেন আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না, কেয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়।

তিনি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।

দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর র‌শিদ দেওয়ানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির শ‌ফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর শফিউল, ত‌রিকুল ইসলাম কায়েদ, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌ছিন বিল্লাহ প্রমুখ।