সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিজেসির মানববন্ধন

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)। 

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক সভাপতি ও ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, রিপোর্টার্স জার্নালিস্ট ফোরাম (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এবং ডিজেসির সহ-সভাপতি হালিম মোহাম্মদ।

ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘটনার মূল হোতাসহ সব আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামিলি ডে উপলক্ষে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের বহনকারী যানবাহনের কাছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়।

হামলায় ডিজেসির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, স্থায়ী সদস্য এস এম ফয়েজ ও মহসিন কবীরসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। এ সময় ডিজেসির সদস্য সাগর ও সাব্বির জুবায়ের উপস্থিত ছিলেন।