জনগণ গণতন্ত্রের পথে যাবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ওপর আস্থা রেখে নির্বাচন করা ভালো। সব ধরনের খুঁটিনাটি নিয়ে, প্রপাগাণ্ডা দিয়ে বিভিন্ন ধরনের জনমনে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া সে পথে তো জনগণ যাবে না, জনগণ যাবে গণতন্ত্রের পথে। তারা চায় সুষ্ঠু নির্বাচন এবং সে পথেই চলছে।

বুধবার (২৮ জানুয়ারি) নগরীর ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের সল্ট গোলা ক্রসিং থেকে নিশ্চিন্তপাড়া ওয়ার্ড অফিস মাইজপাড়া, ১নং সাইট, হিন্দু পাড়া, বাকের আলি ফকির টেকসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা কালে তিনি একথা বলেন। এসময় তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, প্রত্যেক নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটে থাকে এটার জন্য বা এটার অর্থ এই নয় যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সব জায়গায় সব সময় সারা বিশ্বে ঘটে থাকে ছোটখাটো ঘটনা। এটার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা অর্থাৎ যারা নির্বাচন চায় না তারা এই কথাগুলো বলে।

আমীর খসরু বলেন, জনগণের সমর্থনে এ নির্বাচন হচ্ছে এটা কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। এই নির্বাচনে নিজেদের মালিকানা ফিরে পেতে চায় মানুষ। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে। সে অপেক্ষায় তারা আছে। এটাকে বাধাগ্রস্ত করতে যারাই যাবে তারা নিজেরাই বাধাগ্রস্ত হবে তাদের রাজনৈতিক কোন ভবিষ্যৎ থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সালাউদ্দিন, হাজী হোসেন, মাহবুব আলম বাচ্চু, মোহাম্মদ আজম উদ্দিন, হাজী মোহাম্মদ জাহেদসহ আরও অনেকে।