কারণ ছাড়াই বহিষ্কার: ক্ষোভে বিএনপির ৫ নেতার পদত্যাগ 

মুন্সীগঞ্জে নেতাকর্মীদের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দল থেকে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে শহর বিএনপির সদস্য সচিবসহ জেলা বিএনপির ৫ নেতা পদত্যাগ করেছেন। 

বুধবার (২৮ জানুয়ারি) রাতে শহরের পঞ্চসার এলাকায় সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন— শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সরকার, মাহবুবুর রহমান, আতাউর হোসেন বাবুল ও কাজী আবু সুফিয়ান বিপ্লব। 

এরা সকলেই মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, দলের কেন্দ্রীয় পর্যায় থেকে ক্রমাগত জেলার নেতৃবৃন্দকে বহিষ্কার করা হচ্ছে। কোন রকম কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অগণতান্ত্রিক প্রক্রিয়া ও দলীয় গঠনতন্ত্রের বাইরে এসব বহিষ্কার আদেশ। দীর্ঘদিন ধরে হামলা মামলার শিকার হলেও দলের জন্য কাজ করা শীর্ষ নেতৃত্বদের বহিষ্কার করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনসহ দলের ১৩ নেতাকর্মীকে।