হোসে মরিনহোর দীর্ঘ ও নাটকীয় কোচিং ক্যারিয়ারে ‘প্রথম’ ঘটনা এখন আর খুব সহজে আসে না। তবে লিসবনে বুধবার রাতে ঠিক তেমনই এক অবিশ্বাস্য প্রথমের সাক্ষী হলেন পর্তুগিজ কোচ—নামটি আনাতোলি ত্রুবিন।
চ্যাম্পিয়নস লিগে ১৫ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদকে হারানোই বেনফিকার জন্য যথেষ্ট ছিল না। যোগ করা সময়েরও যোগ করা সময়ে তারা ৩-২ গোলে এগিয়ে থাকলেও আরও একটি গোল না পেলে ইউরোপ যাত্রা থেমে যাওয়ার শঙ্কা ছিল। ঠিক সেই মুহূর্তে শেষ ভরসা হয়ে আসে একটি ফ্রি-কিক। সামনে উঠে যান গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। বুলেট হেডারে জয়সূচক গোল করে ত্রুবিন উন্মত্ত দৌড়ের ইতি টানেন হাঁটু গেড়ে স্লাইড করে। আর বেনফিকার খেলোয়াড়রা দিকবিদিক ছুটে বেড়াতে থাকেন জয়ের আনন্দে।
ম্যাচ শেষে মরিনহো বলেন, "এটা ছিল দুর্দান্ত গোল, ঐতিহাসিক গোল—যেটা প্রায় পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দিয়েছে। আমাদের জন্য এটি সম্পূর্ণ প্রাপ্য ছিল। বেনফিকার জন্য রিয়াল মাদ্রিদকে হারানো বিশাল গর্বের বিষয়।”
লিগ পর্বের শেষ দিনে একসঙ্গে ১৮টি ম্যাচ চলায় বেনফিকার কী প্রয়োজন ছিল, তা পুরোপুরি বুঝতেই পারেননি ত্রুবিন নিজেও। আট ম্যাচের লিগ পর্ব শেষে গোল ব্যবধানে তারা বিদায়ের পথে ছিল। কিন্তু ত্রুবিনের সেই অবিশ্বাস্য গোলে পাল্টে যায় সবকিছু।দুর্ভাগ্যজনকভাবে প্লে-অফের জায়গা হারায় মার্সেই, আর তাদের জায়গা দখল করে নেয় বেনফিকা।
গোলের কয়েক মিনিট আগেই ত্রুবিন একটি ক্রস ধরে হাঁটু গেড়ে বসে সময় নষ্ট করার চেষ্টা করছিলেন, তখনও জানতেন না যে ওই অবস্থায় বেনফিকা বিদায় নিচ্ছে। "এর আগে আমি বুঝতেই পারিনি আমাদের ঠিক কী দরকার। সবাই আমাকে ইশারা করতে শুরু করে, তখন সামনে যাই। পরে বুঝি—আমাদের আরও একটি গোল দরকার। আমি কী বলব জানি না, এটা একেবারেই পাগলাটে মুহূর্ত। আমি গোল করার অভ্যস্ত নই। ২৪ বছর বয়সে এই প্রথম এমন কিছু করলাম।”
মরিনহো আরও বলেন, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মাদ্রিদ বা মিলান—দুটিই তার কাছে সমান আকর্ষণীয়।
“আমি কোনটা বেশি চাই তা বলতে পারি না। মাদ্রিদে যেতে ভালো লাগে, মিলানেও যেতে ভালো লাগে।”
বেনফিকার ড্র যাই হোক না কেন, খুব কম মানুষই সন্দেহ করবে যে মরিনহো বার্নাবেউ বা সান সিরোতে বিশেষ কিছু ঘটাতে পারেন। তবে ত্রুবিনের এই জাদুকরী মুহূর্তকে ছাপিয়ে যাওয়া—তা হয়তো মরিনহোর গল্পকারদের পক্ষেও কঠিন হবে।