দুই দশকের মধ্যে প্রথমবারের মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনের মুখোমুখি হয়েও শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের আসন ধরে রাখলেন ফ্লোরেন্তিনো পেরেজ। সোমবার ভোরের দিকে ঘোষিত ফলে আরও চার বছরের জন্য ক্লাবটির শীর্ষ পদে নিজের অবস্থান নিশ্চিত করেছেন ৭৯ বছর বয়সী এই বিলিয়নেয়ার।
তবে পেরেজ জিতলেও মোট ভোটের এক-তৃতীয়াংশেরও বেশি পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী এনরিকে রিকুয়েলমে, যিনি পেরেজের বেসরকারীকরণ পরিকল্পনার তীব্র সমালোচনা করে সদস্যদের মন জয় করেছিলেন।
মাদ্রিদের উপকণ্ঠে রিয়ালের ভালদেবেবাস অনুশীলন মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনে রিয়াল মাদ্রিদের মোট ৩৩,৫৫৫ জন সদস্য ভোট দেন। ক্লাবের আনুষ্ঠানিক ভোট গণনা অনুযায়ী, পেরেজ পেয়েছেন ৬৫ শতাংশ ভোট এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসায়ী রিকুয়েলমে পেয়েছেন ৩৫ শতাংশ ভোট।
ভোটের পূর্ণাঙ্গ ফল প্রকাশের প্রায় এক ঘণ্টা আগেই রিকুয়েলমে নিজের পরাজয় স্বীকার করে পেরেজকে অভিনন্দন জানান এবং বলেন, "রিয়াল মাদ্রিদকে আর কখনো নির্বাচন ছাড়া টানা ২০ বছর পার করতে হবে না।"
সাধারণত ২০২৮ সাল পর্যন্ত পেরেজের মেয়াদ থাকলেও রিয়ালের টানা দুই মৌসুম ট্রফিশূন্য থাকা এবং চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখার প্রেক্ষাপটে গত ১২ মে তিনি আকস্মিক এই আগাম নির্বাচনের ডাক দেন। ২০০৬ সালের পর এটিই ছিল ক্লাবের প্রথম আনুষ্ঠানিক ব্যালট যুদ্ধ, কারণ ২০০৯ সাল থেকে পেরেজ প্রতিবারই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন। এই জয়কে 'অসাধারণ' আখ্যা দিয়ে পেরেজ বলেন, রিয়াল মাদ্রিদ বিশ্বমঞ্চে স্বচ্ছতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
নির্বাচনী বৈতরণী পার হতে পেরেজ ভোটারদের বেশ কিছু বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো বেনফিকার বর্তমান কোচ জোসে মরিনহোকে রিয়ালের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে মরিনহোর চুক্তি বাতিলের জন্য ১৫ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে বলে তারা এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
এছাড়াও পেরেজ প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী মঙ্গলবার তিনি এমন একজন ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণা দেবেন, যার ট্রান্সফার ফি হবে ক্লাব রেকর্ডিং ১৫০ মিলিয়ন ইউরো (নাম প্রকাশ করেননি)।
ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে এবং ডেনজেল ডামফ্রিস হতে যাচ্ছেন তার মেয়াদের প্রথম নতুন সাইনিং।
'এ বিশ্বকাপ আমাদের নয়, ওদের', মার্কিন ভিসা নীতিতে ক্ষুব্ধ ফুটবল ভক্তরা