গোলশূন্য ড্রয়ে নকআউট প্লে-অফে মোনাকো-জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে নকআউট প্লে-অফ নিশ্চিত করেছে মোনাকো ও জুভেন্টাস। বুধবার রাতে স্টাদ লুই-দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি। এই ফলাফলে জুভেন্টাস পয়েন্ট টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে শেষ করেছে, আর মোনাকো ১০ পয়েন্ট নিয়ে রয়েছে ২১তম স্থানে। 

ম্যাচের আগে শীর্ষ আটে উঠে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে জয় প্রয়োজন ছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের। তবে পুরো ম্যাচে তারা লক্ষ্যে কোনো শট নিতে ব্যর্থ হয়—চ্যাম্পিয়ন্স লিগে যা তাদের ক্ষেত্রে ২০২০ সালের অক্টোবরের পর প্রথম ঘটনা।

মোনাকো আক্রমণাত্মক ফুটবল খেললেও ম্যাচের শুরুতেই ফরাসি মিডফিল্ডার ম্যাগনেস আকলিউশের সুবর্ণ সুযোগ নষ্ট করা ছাড়া বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অতিথি দলের গোলরক্ষক মাত্তিয়া পেরিন ছিলেন দৃঢ়, যার পারফরম্যান্সে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন।

ড্রয়ের ফলে জুভেন্টাস প্লে-অফে বাছাইপ্রাপ্ত (সিডেড) দল হিসেবে জায়গা পেয়েছে, আর মোনাকো উঠেছে আনসিডেড দল হিসেবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য প্লে-অফে দুই দলই শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে। লিগ পর্বে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফের মাধ্যমে শেষ ষোলোতে ওঠার সুযোগ পায়।