বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: আজিঙ্কা রাহানে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। তবে এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বরং বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন পিসিবির প্রধান মহসিন নাকভি। তবে পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপ বয়কট করতে পারবে?

ভারত ও পাকিস্তানের চুক্তি অনুযায়ী, পাকিস্তান তাদের বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ভারতের তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার মতো সাহস পাকিস্তানের নেই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর একটি আলোচনায় তিনি বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তান (বিশ্বকাপে) না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে। এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি—তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে।’

পিসিবি এমনিতেই আর্থিক সংকটে জর্জরিত। বিশ্বকাপে না গেলে তারা বড় ধরনের আর্থিক ধাক্কা খাবে। হার্শা মনে করেন, পাকিস্তান বিশ্বকাপে না এলে কেউ তাদের অনুরোধ করবে না, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না, তাহলে বলা হবে—এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত