‘এটি মর্যাদাপূর্ণ জয়’- রিয়ালকে হারিয়ে হোসে মরিনহো

চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় জয় তুলে নিয়ে নকআউট প্লে-অফ নিশ্চিত করেছে বেনফিকা। শেষ মুহূর্তে গোলরক্ষক আনাতোলি ট্রুবিনের হেডারে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারায় হোসে মরিনহোর দল। ম্যাচের ৯৮তম মিনিটে ট্রুবিনের গোল বেনফিকাকে সেই ঐতিহাসিক মুহূর্ত এনে দেয়। ৯ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে থেকে বেনফিকা জায়গা করে নেয় নকআউট পর্বের প্লে-অফে।

শেষ ষোলোতে ওঠার জন্য বেনফিকাকে খেলতে হবে রিয়াল মাদ্রিদ বা ইন্টার মিলানের বিপক্ষে—দুই দলই মরিনহোর সাবেক ক্লাব। ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘এই জয় আমাদের প্রাপ্য ছিল। সত্যিই প্রাপ্য ছিল। এমবাপ্পে দুটি সুযোগ পেয়েছিল এবং দুটি গোল করেছে। রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে জয় বেনফিকার জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ।’

তবে ম্যাচের শেষ দিকে গোল ব্যবধান নিয়ে বিভ্রান্তির কথা স্বীকার করেন এই অভিজ্ঞ কোচ। তিনি জানান, প্রথমে তারা মনে করেছিলেন ৩-২ ব্যবধানই যথেষ্ট হবে। পরে জানতে পারেন, আরও একটি গোল প্রয়োজন। মরিনহো বলেন, ‘আমি যখন শেষ পরিবর্তন করি, তখন আমাকে বলা হয়েছিল স্কোরলাইন যথেষ্ট। কয়েক সেকেন্ড পর জানানো হয়, আমাদের আরও একটি গোল দরকার। কিন্তু তখন আর পরিবর্তন করার সুযোগ ছিল না। সৌভাগ্যক্রমে আমরা একটি ফ্রি-কিক পাই এবং ট্রুবিনকে সামনে পাঠাতে পারি।’

৯৩তম মিনিটে ফ্রাঞ্জো ইভানোভিচ ও আন্তোনিও সিলভাকে মাঠে নামানোর পর পাঁচ মিনিটের মধ্যেই আসে ট্রুবিনের নাটকীয় গোল। গোলের পর ট্রুবিন বলেন, ‘আমিও জানতাম না আমাদের কী দরকার। সবাইকে আমাকে সামনে যেতে বলতে দেখলাম, কোচকেও দেখলাম। তাই সামনে গিয়েছিলাম। এটা পাগলাটে মুহূর্ত। আমি গোল করতে অভ্যস্ত নই। ২৪ বছর বয়সে এটা আমার প্রথম গোল।’