বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে নোটিশ 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ নোটিশ জারি করা হয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা রহিম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল খান, সদস্য সর্ণকুমার শীল এবং পাটুরিয়া ঘাট আহ্বায়ক মো. কবির হোসেন। 

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন। সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও অভিযুক্ত নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন। অভিযোগে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে তারা দল থেকে বহিষ্কৃত এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন— এ মর্মে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এ প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট মো. রকিবুর রহমান রাকিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েলের বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত মোতাবেক এবং মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের নির্দেশক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন এ নোটিশে স্বাক্ষর করেন।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাঈদুর রহমান বলেন, ‘দলীয় পদবি ব্যবহার করে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’