চার দিন ধরে নিখোঁজ থাকার পর কুমিল্লার নাঙ্গলকোটে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ও পিঠে ইট বাঁধা অবস্থায় তাঁর লাশ একটি পুকুরে ভাসতে দেখা যায়। পুলিশ ও পরিবার ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল রহিম জাহাঙ্গীর (৩৮) নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দৌলখাড় ইউনিয়নের দৌলখাড় পূর্বপাড়া এলাকার কালারমার পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, গত রোববার (২৫ জানুয়ারি) সকালে জাহাঙ্গীর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় নাঙ্গলকোট সোনালী ব্যাংকের সামনে তাঁর শেষ দেখা মেলে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন স্ত্রী রাশেদা আক্তার থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। আজ সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরের লাশ শনাক্ত করেন। স্বজনদের দাবি, তাঁর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সঙ্গে ৭টি ইট বাঁধা ছিল, যাতে সেটি পানিতে ডুবে থাকে।
নিহতের ছোট ভাই মাহফুজ আলম বলেন, আমার ভাই খুব কষ্ট করে সংসার চালাত। এনজিও থেকে ঋণ নিয়ে মাত্র আড়াই মাস আগে অটোরিকশাটা কিনেছিল। আমরা মনে করছি, যাত্রী সেজে দুর্বৃত্তরা তাকে নিয়ে গিয়ে হত্যা করেছে। জাহাঙ্গীর তিন কন্যাসন্তানের বাবা। তাঁর মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জালাল বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন।