২৬৫০ দিন পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো পাকিস্তান

৭ বছর পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো পাকিস্তান। দিনের হিসেবে ২৬৫০ দিন পর। আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজের প্রথম ম্যাচে আজ লাহোরে নিজেরা ১৬৮ রান করে অস্ট্রেলিয়াকে ১৪৬ রান তুলে ২২ রানের জয় তুলে নিয়েছে। 

সব মিলিয়ে এই ফরম্যাটে ২৯০টি ম্যাচ খেললো পাকিস্তান। এর মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে আজ খেললো ২৯তম ম্যাচ। ২০১৮-এর অক্টোবরে দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর গত ৭ বছরে সাতবার মুখোমুখি সাতবারই হেরেছিল পাকিস্তান। সেই ধারায় যতি টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলে নিলো ১৪তম জয়।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারানোর পর সাইম আইয়ুব (২২ বলে ৪০ রান), অধিনায়ক সালমান আগা (২৭ বলে ৩৯), বাবর আজম (২০ বলে ২৪) এবং ফখর জামান, উসমান খান ও মোহাম্মদ নাওয়াজের ছোটো ছোটো ইনিংসে ৮ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান। 

অস্ট্রেলিয়ার জবাবটা দারুণ হলেও শেষ পর্যন্ত ব্যাটিংয়ে টিকে থাকতে পারেনি। অধিনায়ক ট্রাভিস হেড শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় দেখালেও পাকিস্তানের বোলাররা তাকে ও দলের অন্যান্য ব্যাটসম্যানদের ধরে রাখতে সক্ষম হয়।

দ্বিতীয় ওভারে সাইম আয়ুব ম্যাথু শর্টকে বোল্ড করেন। চতুর বোলিংয়ে হেডকে বোকা বানিয়ে বাবর আজমের ক্যাচে পরিণত করেন সাইম দ্রুতই। পাওয়ারপ্লেতে অজিদের স্কোর দাড়ায় ৫১/২। অষ্টম ওভারে বিপর্যয় শুরু হয় তাদের। ক্যামেরন গ্রিনের সাথে ভুল বুঝাবুঝাতে রেন শ আউট হন। একই ওভারে কনোলি বোল্ড হন আবরারের বলে। অস্ট্রেলিয়ার সমস্যা বাড়ে ১১তম ওভারে, যখন ওয়েন রান আউট হন। গ্রিন ৩৬ রান করে কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষপর্যন্ত তা কাজে লাগেনি। বার্টলেট দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানে অপরাজিত থাকেন। 

৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ২ উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ। আয়ুবও ২ উইকেট নেন, আর শাদাব ও নওয়াজ এক করে উইকেট নেন। তিন ক্যাচ নেন বাবর আজম। ম্যাচ সেরা হন সাইম আয়ুব। 

সিরিজে আরো দুটি ম্যাচ খেলবে দুদল।