ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ-রাণীশংকৈল) ১০ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৯ জন এক মঞ্চে হাতে হাত রেখে স্থানীয় ভোটারদের মুখোমুখি হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক পীরগঞ্জ কমিটির আয়োজনে মিনি স্টেডিয়ামে এক মঞ্চে আসেন তারা। জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন আহাম্মেদ, গণ অধিকার পরিষদের প্রার্থী মামুনুর রশিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী আল আমিন, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এসএম খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশা মণি অংশ নেন।
এ সময় প্রার্থীরা ঠাকুরগাঁও-৩ আসনের উন্নয়ন পরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, মাদক নির্মূলসহ সম্ভবনাময় বিষয়ে কাজ করার শপথ গ্রহণ করেন। ভোটাররাও জেনে বুঝে সৎ, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার শপথ নেন। পরে উপস্থিত ভোটাররা এমপি প্রার্থীদের কাছে বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করেন এবং প্রার্থীরা তার উত্তর দেন। এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন প্রার্থী ও ভোটারদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।