আবু সাইয়িদকে ঘিরে মুখোমুখি বিএনপি-জামায়াত

প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই পাবনা-১ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে কথার লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। সে উত্তাপের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে আসনটির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী, এক সময়ের দাপুটে আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদান ও ধানের শীষ প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘটনা। শুধু তাই নয়, সাবেক মন্ত্রী ও প্রয়াত জামায়াত আমির মতিউর রহমান নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থী শামসুর রহমানকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামারও ঘোষণা দিয়েছেন আবু সাইয়িদ। আবু সাইয়িদকে নিয়ে বিএনপি ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে দাবি করে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার মোমেন।

সীমানা জটিলতা নিরসনের পর নতুন তফসিল অনুযায়ী গত মঙ্গলবার পাবনা ১ ও ২ আসনে প্রতীক বরাদ্দ করা হয় দুটি আসনের ৯ প্রার্থীর মধ্যে। গত মঙ্গলবার সকালে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

নিজ দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বুঝে নিয়ে পাবনা-১ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সীমানা সংক্রান্ত আইনি জটিলতার নামে নির্বাচন নিয়ে একটি পক্ষের চক্রান্ত ছিল। সেটির অবসান ঘটেছে। তবে ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদের দোসর অধ্যাপক আবু সাইয়িদকে দলে নিয়ে তাকে নির্বাচনী মাঠে নামিয়ে পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। মোটরসাইকেল শোভাযাত্রায় বিএনপি তাকে বরণ করে সংবর্ধনার পরিকল্পনা করেছে। এটি গণভ্যুত্থানের পক্ষের ফ্যাসিবাদবিরোধী গণমানুষের সঙ্গে প্রতারণার শামিল।

এ আসনের বিএনপি প্রার্থী শামসুর রহমান বলেন, আবু সাইয়িদ ফ্যাসিবাদী না। তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদী দল থেকে দূরে ছিলেন। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনও করেছেন। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আমাদের দলে এসেছেন। তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না এমন হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এত বড় দুঃসাহস দেখানো উচিত না। এখন তিনি আমাদের দলের লোক। তার যোগদানে বিএনপি আরও শক্তিশালী হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে একই সঙ্গে তফসিল ঘোষণা হলেও সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় থেমে যায় পাবনা ১ ও ২ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচন। তবে আইনি জট খোলার পর অবশেষে ভোট হবে ১২ ফেব্রুয়ারিতেই। পাবনা-১ আসনে একজন স্বতন্ত্রসহ ৫ ও পাবনা-২ আসনে ৪ জন দলীয় প্রার্থী রয়েছেন।