ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। এমন সময়ে তীব্র বায়ু দূষণের কবলে পড়েছে মুম্বাই। এ কারণে মাঠেই মাস্ক পরতে বাধ্য হয়েছেন মুম্বাই দলের কয়েকজন ক্রিকেটার। দিল্লির বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিনে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার মুম্বাইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) প্রায় ১৬০-এ পৌঁছায়, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। যে কারণে বান্দ্রা কুরলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির ম্যাচে স্বাগতিক দলের ব্যাটসম্যান সারফরাজ খান, তার ছোট ভাই মুশির খান এবং স্পিনার হিমাংশু সিংকে মাস্ক পরে খেলতে দেখা যায়। ম্যাচের তৃতীয় সেশনে তারা মাঠে মাস্ক পরেছিলেন।
যদিও মুম্বাইয়ে বায়ুদূষণের মাত্রা দীর্ঘদিন ধরেই বেশি, তবে ম্যাচ চলাকালে খেলোয়াড়দের মাস্ক পরা বিরল ঘটনা। মাঠের পাশেই চলমান একটি ভবন নির্মাণকাজ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। মুম্বাইয়ের পেসার মোহিত আভাস্থি বলেন, ‘এ নিয়ে মাঠে কোনো ঠাট্টা-মশকরা হয়নি। কিন্তু এখানে নতুন নির্মাণকাজ চলায় দূষণ বেড়েছে এবং খেলোয়াড়দের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তাই তারা মাস্ক পরেছে।’
প্রায় আধা ঘণ্টা মাঠে মাস্ক পরে ফিল্ডিং করার পর খেলোয়াড়রা পরে মাস্ক খুলে ফেলেন। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ৬টি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।