শাহ সুলতান মাহমুদ বলখীর (র:) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বগুড়ায় ১৯ বছর পর নিজে হাতেগড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বেলা আড়াইটার দিকে শিবগঞ্জের মহাস্থান গড়ে শাহ সুলতান বলখীর (রঃ) মাজার জিয়ারত করেন তিনি।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি হেঁটে সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়ান।

২০০৪ সালের ২৬ মার্চ বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তারেক রহমান। পরবর্তী ২০০৮ সালের ১১ জানুয়ারি এই মসজিদে প্রথম জুম্মার নামাজের সালাত আদায় তৎকালীন জেলা প্রশাসকসহ সাধারণ মুসল্লিরা। তারেক রহমান এই মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন এই খবর ছড়িয়ে পড়লে নামাজের অনেক আগে থেকে মুসল্লিরা ভিড় জমাতে থাকেন। জুম্মার নামাজ আদায় শেষে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলেন।

তারেক রহমান বলেন, এই মসজিদটি করা হয়েছিল বগুড়ার মানুষের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বগুড়ার মতো জায়গায় এমন একটি মসজিদ গড়ে তোলার। মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম তা বাস্তবায়ন হয়নি। আল্লাহ আমাদের সুযোগ দিলে আগামী মসজিদটি সুন্দর ভাবে গড়ে তোলা হবে। যাতে এটি নিয়ে বগুড়ার মানুষ গর্ব করতে পারে। সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা আগামীতে দেশের দায়িত্ব পেলে সমগ্র দেশে কাজ করা হবে।

এরপর মসজিদে মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বেলা আড়াইটার দিকে বগুড়ার মহাস্থানগড়ে সুফি শাহ সুলতান বলখীর (রঃ) মাজার জিয়ারত করেন তিনি। এরপর মোকামতলা পথসভার উদ্দেশ্যে রওনা দেন।