বিটিভিতে আজ থেকে শুরু নতুন ম্যাগাজিন অনুষ্ঠান

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে নতুন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'অভিনন্দন'। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব।

একক গান, লোকসংগীত, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডার সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানটি প্রতি মাসে নতুন পর্বে দর্শকদের সামনে আসবে। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন রশিদ সাগর এবং প্রযোজনায় ইয়াসির আরাফাত। প্রথম পর্বের বিশেষ আকর্ষণ হিসেবে গল্প ও আড্ডা পর্বে অংশ নেবেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। এ পর্বে তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।

সংগীত পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে থাকছে একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল। এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা তুলে ধরতে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি ছোট নাটিকা।

বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার সমন্বয়ে নির্মিত ‘অভিনন্দন’ দর্শকদের জন্য একটি উপভোগ্য আয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।