নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নীলফামারী-সৈয়দপুর সড়কের সোনারায় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ভীষ্ম রায় (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের চিলাপাড়া ব্যাঙমারী গ্রামের গিরিশ চন্দ্র রায়ের ছেলে।

পরিবার ও পুলিশ সুত্র মতে যুবক ভীষ্ম রায় একজন আর্দশ কৃষক। এবার সে উন্নত মানের টমাটো চাষ করে। যা সে সৈয়দপুর আড়ৎ এ বিক্রি করে আসছিল। ঘটনার দিন ভোরে টমাটো ভরে একটি ভ্যানে তা সৈয়দপুরের বাজারে পাঠিয়ে দেয়। এরপর সে মোটরসাইকেল যোগে সৈয়দপুরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

ওই এলাকার সাবেক ইউপি মেম্বার বাবু জানান, ছেলেটি একজন আর্দশ কৃষক। গত ২৩ জানুয়ারি একমাত্র বোনের বিয়ে দেয়। ডিগ্রি পাস করার পর অবিবাহিত এই যুবক বাবার কৃষি দেখতো।

নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।