নোভাক জকোভিচের ক্যারিয়ারের আরেকটি অবিস্মরণীয় রাত। প্রায় চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে ইতালির ইয়ানিক সিনারকে পাঁচ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন সার্বিয়ান কিংবদন্তি। সেমিফাইনালে জকোভিচ জিতেছেন ৩–৬, ৬–৩, ৪–৬, ৬–৪, ৬–৪ ব্যবধানে।
ম্যাচ শেষে আবেগাপ্লুত জকোভিচ বলেন, "এটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। প্রায় চার ঘণ্টা খেলেছি, সময়টা চলে গেছে রাত প্রায় ২টা পর্যন্ত। ২০১২ সালে রাফার (নাদাল) সঙ্গে সেই ঐতিহাসিক ম্যাচটার কথা মনে পড়ছে। আজ টেনিসের মান ছিল ভয়ংকর রকম উঁচু। আমি জানতাম, ওকে হারাতে হলে আমাকে এভাবেই খেলতে হবে।”
সিনারের বিপক্ষে নিজের সাম্প্রতিক রেকর্ড নিয়েও কথা বলেন তিনি। “সে আমার বিপক্ষে টানা পাঁচটি ম্যাচ জিতেছিল। নেটে গিয়ে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি—এভাবে আমাকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দেওয়ার জন্য। সে আমাকে পুরোপুরি নিংড়ে নিয়েছে।”
ফাইনালে কার্লোস আলকারাসের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ৩৮ বছর বয়সী এই তারকা বলেন,
“রবিবার কার্লোসের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। যদিও এখন মনে হচ্ছে, আজ রাতেই যেন শিরোপা জিতে ফেলেছি। আশা করি, তার সঙ্গে সমানে সমানে লড়ার মতো শক্তি তখনও থাকবে।”
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সিনার। প্রথম সেটে সার্ভ ও রিটার্ন—দুই দিকেই জকোভিচকে চাপে রেখে ৬–৩ গেমে এগিয়ে যান তিনি।
দ্বিতীয় সেটে অভিজ্ঞতার ঝলক দেখান জকোভিচ। বেসলাইন থেকে গভীর শট, ধৈর্যশীল র্যালি আর নিখুঁত রিটার্নে ম্যাচে ফেরেন তিনি। ৬–৩ গেমে সেট জিতে সমতা ফেরান সার্বিয়ান তারকা।
তৃতীয় সেটে আবার ছন্দে ফেরেন সিনার। গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক তুলে নিয়ে ৬–৪ গেমে সেট জিতে ফের এগিয়ে যান ইতালিয়ান খেলোয়াড়।
চতুর্থ সেট থেকেই শুরু হয় জকোভিচের প্রত্যাবর্তনের গল্প। প্রতিটি গেমে লম্বা র্যালি, অবিশ্বাস্য ডিফেন্স এবং একের পর এক ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। ৬–৪ গেমে সেট জিতে ম্যাচ নিয়ে যান পঞ্চম সেটে।
নির্ধারণী সেট ছিল পুরো ম্যাচের সবচেয়ে টানটান অধ্যায়। দুজনই সার্ভ ধরে রাখার লড়াইয়ে নামেন। ৪–৪ গেম পর্যন্ত কেউই বড় ভুল করেননি। নবম গেমে সিনারের সার্ভে চাপ বাড়ান জকোভিচ। সেখানেই গুরুত্বপূর্ণ ব্রেক তুলে নেন তিনি।
এরপর ৫–৪ গেমে ম্যাচ সার্ভ করতে নেমে চরম নাটক তৈরি হয়। একাধিক ম্যাচ পয়েন্ট নষ্ট হলেও শেষ পর্যন্ত সিনারের একটি শট বাইরে গেলে জয় নিশ্চিত করেন জকোভিচ।